প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা এবং শিল্পখাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিটিএমএ নেতারা জানান, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এবং শিল্পের টেকসই বিকাশ নিশ্চিত করতে সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রয়োজন বলেও তারা মত দেন।
প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের অর্থনৈতিক অবদান ও রপ্তানি বৃদ্ধিতে এর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি শিল্পখাতের উন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।
আলোচনার এক পর্যায়ে বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা মূল্যায়ন এবং সমাধানের সুপারিশ তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েবসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










