
ঢাকার মিরপুরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা ও জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশুকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর রাতে প্রায় দুই শতাধিক লোক মিরপুরের ওই স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে এক্সকাভেটর ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির বেশ কিছু স্থাপনা পুরোপুরি ভেঙে ফেলা হয়।
ঘটনার সময় পুলিশের গাফিলতির অভিযোগ উঠলে শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাদের নাম জড়ানোর পর ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া, এ ঘটনার জেরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রধানমন্ত্রীর নির্দেশে গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।
