
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তারা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে রাত ২টার দিকে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
পাঁচ দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। সেখানে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
