ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই মো. সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে শুরুতে তিনি হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে বাবা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গুর উপসর্গ পাওয়া যায়। এ সময় সিয়ামের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল।

অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার আগেই হাসপাতালে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা বলছেন, জ্বর হলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।