
জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত স্প্যাংডাহলেম মার্কিন বিমানঘাঁটিতে একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে বিমানটিতে থাকা পাইলট সময়মতো বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে চারটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল। প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফেরার সময় একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর বাকি তিনটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটির উদ্দেশে চলে যায় এবং সেখানে নিরাপদে অবতরণ করে।
এফ-১৬টি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে।
