প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৩১ এএম
আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম দফায় ৬ মাসে ১২শ’ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বেলা সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে সাতটায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

















