সাগরে নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টি; পাঁচ দিন থাকবে ভেজা আবহাওয়া

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিমমধ্য ও উত্তর-পশ্চিম অংশে অবস্থান করা নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১২ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও এর প্রভাব তুলনামূলকভাবে বেশি।

মঙ্গলবার দেশের ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

বৃহস্পতিবারও প্রায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। শুক্রবার রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

শনিবার দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, পাঁচ দিন পর ধীরে ধীরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।