
যশোর প্রতিনিধি: যশোর শহরের আরএন রোড এলাকায় ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে আরএন রোডের মিঠু হার্ডওয়্যার স্টোরে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন চীনা নাগরিক চাওশিং ও তার সহযোগী ইব্রাহিম।
মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিকের অভিযোগ, পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই দুজন তার দোকান থেকে প্রথমে ৪৬ হাজার টাকার মালামাল কেনেন। এরপর মোবাইল বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে তার ব্যাংক হিসাবে মোট ৭ লাখ টাকা পাঠানো হয়।
পরবর্তীতে মালামালের মূল্য ৪৬ হাজার টাকা বাদ দিয়ে অবশিষ্ট অর্থের সমপরিমাণ একটি চেক তার কাছ থেকে নেওয়া হয়। পরিচিত হওয়ায় সরল বিশ্বাসে তিনি চেকটি দিলে অভিযুক্তরা ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেন বলে অভিযোগ।
পরে ব্যাংক কর্তৃপক্ষ মিঠুকে জানায়, ঢাকার টঙ্গী শাখার ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধভাবে ৭ লাখ টাকা তার হিসাবে পাঠানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর বুধবার বিকেলে চাওশিং ও ইব্রাহিম আবারও আরএন রোড এলাকায় গেলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের শনাক্ত করে ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পুলিশের হেফাজতে থাকা দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
