
আন্তর্জাতিক ডেস্ক | ১৬ আগস্ট ২০২৬
কোরিয়ার জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির ৮১তম বার্ষিকীতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
রোববার (১৬ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাবে কিম দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
কিম বলেন, দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্যের ওপর ভিত্তি করে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া হবে। ন্যায়বিচারের লক্ষ্যে দুই দেশের ঐতিহাসিক যৌথ সংগ্রামকেও তিনি সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
পুতিন তার বার্তায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর লড়াইয়ের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক বন্ধন তৈরি হয়েছিল, সেটি ভবিষ্যতেও সহযোগিতার ভিত্তি হয়ে থাকবে বলে জানান তিনি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার পক্ষে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও অস্ত্র সহায়তার অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে কোরিয়া মুক্তি দিবসের অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি ব্যবস্থায় রূপ দেওয়ার পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।
তবে উত্তর কোরিয়া এর আগে লি জে মিয়ংয়ের এ ধরনের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও সমালোচনা করে আসছে পিয়ংইয়ং।
১৯১০ সালে জাপানের দখলে যায় কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট ৩৫ বছরের জাপানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।
