কলকাতার হোটেলে আগুন, সাংবাদিক দেবাশীষ দত্তসহ কুষ্টিয়ার একই পরিবারের ৪ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

কুষ্টিয়া প্রতিনিধি
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, দুই বছরের শিশুসন্তান ও শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দেবাশীষ দত্তের বয়স ৩৭ বছর। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী আফসানা শিম্মিন ও দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্তকে সঙ্গে নিয়ে ভারতে যান দেবাশীষ। চিকিৎসার প্রয়োজনে কলকাতার পাশাপাশি তারা বেঙ্গালুরুও গিয়েছিলেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। পরদিন বুধবার তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার আগেই কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারান পরিবারের চার সদস্য।
এই মর্মান্তিক ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক সমাজ, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। স্থানীয় সাংবাদিকরা দেবাশীষ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।