
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। নিহত চার শিশুই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসার বিরতিতে ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। চার শিশু পানিতে তলিয়ে গেলে দুইজন পাড়ে উঠে স্থানীয়দের জানায়। পরে খালে নেমে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়। একটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে তিন শিশুকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারো হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft