শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহজনক দুটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেল দুটির ভেতরে বিশেষভাবে রাখা ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়।
আটক রিপন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবির ভাষ্য অনুযায়ী, তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
অভিযানে স্বর্ণের বার ছাড়াও দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং একটি স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। জব্দ করা সব সামগ্রীর আনুমানিক মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে জব্দ করা সামগ্রীসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।