
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না— এমন নির্দেশনা দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল।
ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। এ ছাড়া বুয়েটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল। পাশাপাশি মেডিকেল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নেওয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের।
উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে।