
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান কমিশন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে পুরো নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে সংঘাত ও নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ প্রতিষ্ঠা করতে চায় নির্বাচন কমিশন।
এদিকে ১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, জোটটির অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গসহ বিভিন্ন বিষয়ে পাওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কমিশন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।