নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে অবস্থিত কিং ফিশার রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এসআরবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত সফটওয়্যার ও পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসব পণ্য জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্ট ও বারটিতে যৌথ অভিযান পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের তথ্য পরীক্ষা করা হয়। এ সময় বার কর্তৃপক্ষ পণ্যের বৈধতার পক্ষে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারেনি বলে জানান কর্মকর্তারা।
অভিযানে মোট ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ জব্দ করা হয়। পাশাপাশি ৪ হাজার ৬৩১টি ক্যানে থাকা প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ারও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পাওয়া অনিয়ম ও অসংগতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।