
নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের হয়রানি ও বিভিন্ন ধরনের ভোগান্তি কমাতে বিশেষ আদালত চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ আদালতের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও মামলা দ্রুত নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের নানা সংকট, আইনি জটিলতা ও অন্যান্য সমস্যার সমাধানে বিশেষ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের অধিকার সুরক্ষা এবং হয়রানি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, বিশেষ আদালত প্রতিষ্ঠার প্রস্তাবটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত এটি চালুর বিষয়ে অগ্রসর হবে সরকার।
অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে সুশৃঙ্খল ও কার্যকর করা সম্ভব হলে দেশের সামগ্রিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আনা সহজ হবে।
এ জন্য অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত অর্থ বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন তিনি।