ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন। তার সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি এবং জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সভাস্থল ও আশপাশের এলাকা নিরাপত্তার স্বার্থে কয়েকটি জোনে ভাগ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন দুই হাজারের বেশি সদস্য।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই সফরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরের আরেকটি কর্মসূচিতে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানী প্রদান এবং মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মাননা দেওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যাজনিত দুর্ভোগ কমবে।