কুষ্টিয়ায় আসামিকে ছাড়াতে থানায় তদবির, জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মী আটক

লেখক:
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের কাছে তদবির করতে গিয়ে জামায়াত ও বিএনপির আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।
এর কিছুক্ষণ পর রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় উপস্থিত হন। তারা আটক হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির করেন এবং তাকে মুক্তি দিতে চাপ দেওয়ার চেষ্টা করেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় সিরাজুল ইসলাম (৪৫), মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)কে আটক করা হয়।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিষেধ করার পরও তারা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার বিষয়ে বারবার তদবির করছিলেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট দুই দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।