দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার রোধে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠন করা হবে। তবে এসব কমিটি কখন থেকে কার্যক্রম শুরু করবে কিংবা কমিটিতে কারা সদস্য হিসেবে থাকবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে মাদক ও জুয়াকে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন।