
আন্তর্জাতিক ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তার তথ্যের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, আইসিসির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগের বিচার করে থাকে আইসিসি। এতদিন আদালটির নির্দিষ্ট বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা দিলেও পুরো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সরাসরি ব্যবস্থা নেয়নি ওয়াশিংটন।
আইসিসির কার্যক্রম নিয়ে ট্রাম্প প্রশাসনের আপত্তি নতুন নয়। বিশেষ করে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের বিষয়ে চলমান তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আদালটির ওপর চাপ দিয়ে আসছে।
গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগের কথা জানান। একই সঙ্গে বিভিন্ন দেশকে আদালটির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
এর আগে আইসিসির কয়েকজন বিচারক ও কৌঁসুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার পুরো আদালতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হলে ওয়াশিংটন ও আইসিসির মধ্যকার বিরোধ আরও তীব্র হতে পারে।
