মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, কঠোর প্রতিক্রিয়া সৌদি আরবের

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মক্কার আশপাশে ড্রোন হামলার চেষ্টাকে অত্যন্ত গুরুতর ও উসকানিমূলক ঘটনা হিসেবে দেখছে সৌদি আরব। দেশটির দাবি, পবিত্র নগরীকে লক্ষ্য করে এমন কর্মকাণ্ড মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হুতিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সংগঠনটির বক্তব্য, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে।

এদিকে, ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই মক্কার কাছে ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, চলতি সপ্তাহে দেশটির কয়েকটি শহর লক্ষ্য করে হুতি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হওয়ার কথাও জানিয়েছে রিয়াদ।

অন্যদিকে, হুতিরা সৌদি সামরিক স্থাপনায় হামলার দায় স্বীকার করার পাশাপাশি ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বিমান হামলার অভিযোগ করেছে।

ফলে নতুন করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।