আন্তর্জাতিক ডেস্ক
চিকিৎসা গবেষণার জন্য দান করা মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৫৩ মিলিয়ন ডলারের সমঝোতায় যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৭ আগস্ট) বোস্টনের একটি আদালতে প্রস্তাবিত এই সমঝোতা উপস্থাপন করা হয়। আদালতের অনুমোদন পাওয়া গেলে হার্ভার্ড মেডিকেল স্কুলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক দেওয়ানি মামলার নিষ্পত্তি হবে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক মর্গ ব্যবস্থাপক সেড্রিক লজ। অভিযোগ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্বে থাকার সময় তিনি চিকিৎসা শিক্ষার জন্য দান করা মরদেহ থেকে বিভিন্ন অংশ সরিয়ে তা কালোবাজারে বিক্রি করতেন। তার সঙ্গে তার স্ত্রীসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে তদন্তে উঠে আসে।
২০২৫ সালে লজ ও হার্ভার্ডের সঙ্গে সম্পর্কহীন আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে তারা সবাই নিজেদের অপরাধের কথা স্বীকার করেন। লজের বিরুদ্ধে মামলায় আদালত সাজা দেওয়ার পাশাপাশি তার স্ত্রীকেও কারাদণ্ড দেওয়া হয়।
হার্ভার্ড মেডিকেল স্কুলের ‘অ্যানাটমিক্যাল গিফটস প্রোগ্রাম’-এর আওতায় চিকিৎসা শিক্ষার জন্য মানুষ স্বেচ্ছায় মরদেহ দান করেন। শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণ শেষে এসব মরদেহ সাধারণত দাহ করা হয় এবং পরিবারের কাছে দেহাবশেষ ফিরিয়ে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার ২০২৩ সালে হার্ভার্ডের বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। তাদের অভিযোগ ছিল, অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকেই কিছু তথ্য জানলেও তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে মামলাগুলো পুনরায় চালু হয়।
প্রস্তাবিত ৫৩ মিলিয়ন ডলারের ক্লাস-অ্যাকশন সমঝোতার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি তহবিল গঠন করা হবে। হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, লজের কর্মকাণ্ড ছিল নৈতিকভাবে নিন্দনীয় এবং মরদেহ দাতা ও তাদের পরিবারের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্বের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
এদিকে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে মরদেহ দাতাদের সম্মান জানাতে হার্ভার্ড মেডিকেল স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর একটি আর্থিক সহায়তা বৃত্তি চালুর পরিকল্পনাও জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
হার্ভার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষের পথে থাকলেও এই ঘটনায় দাতা পরিবারগুলোর যে গভীর ক্ষতি ও কষ্ট হয়েছে, তা কাটিয়ে উঠতে আরও সময় প্রয়োজন।