ইরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযান বন্ধ করাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক জো কেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কেন্ট জানান, দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে এই মুহূর্তে তা থেকে বেরিয়ে আসা ট্রাম্পের জন্য রাজনৈতিক ও কৌশলগতভাবে বড় সুযোগ তৈরি করবে।
কেন্ট উল্লেখ করেন, ট্রাম্পের রাজনৈতিক দূরদর্শিতা ও অবস্থান এমন যে, তিনি চাইলে যুদ্ধ বন্ধের এ সিদ্ধান্তকেও একটি বড় সাফল্য হিসেবে সমর্থকদের কাছে উপস্থাপন করতে পারবেন। তবে এই সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত সুযোগ ও সময় দ্রুত হাতছাড়া হয়ে যাচ্ছে বলেও হুঁশিয়ার করেন তিনি।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে গত মার্চে পদত্যাগ করেন এই শীর্ষ মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা। পদত্যাগের পর থেকেই কেন্ট ধারাবাহিকভাবে যুদ্ধ অবসানের গুরুত্ব তুলে ধরে আসছেন।