আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর

লেখক:
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

বাউফল প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফলের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া।
বুধবার (১৯ আগস্ট) সৌদি আরবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম হন তিনি।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে।
জানা গেছে, মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান জাকারিয়া। সেখানে একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। পরে ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন তিনি।
সেখানেই অধ্যয়নরত অবস্থায় সৌদি আরবে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেন জাকারিয়া। কঠিন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি অর্জন করেন প্রথম স্থান।
তার এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্বমঞ্চে বাউফলের এই তরুণের অর্জনকে দেশের জন্যও গর্বের বলে মনে করছেন স্থানীয়রা।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন।